বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা।
বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ টাইমের প্রায় এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।
কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হতো ৫টা ১৬ মিনিটের মধ্যে। বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেত।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নতমানের। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছিলেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটেই মাঠ খেলার উপযোগী করা যাবে। কিন্তু বৃষ্টিই থামেনি।
গত সোমবার (২৭ এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। বুধবার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ০২ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।
Tag:
আরো পড়ুন: