৭ জুন বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

৭ জুন বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৮:৫৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির শুনানি শেষে একই দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে বিসিবি পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফলও একই দিনে ঘোষণা করা হবে।

নির্বাচনে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।