তাসকিনের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পাকিস্তান

তাসকিনের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১১:১৩

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতে পারেননি সফরকারী দলের ওপেনাররা।

দিনের শুরুতেই তাসকিনের আঘাতে আউট হন আব্দুল্লাহ ফজল। আগের দিনের ২১ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করতেই দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করা এই ব্যাটারকে উইকেটের পেছনে দারুণ ক্যাচে ফেরান লিটন কুমার দাস।

এরপর দ্রুতই আবারও আঘাত হানেন তাসকিন। প্রথম টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইজ মাত্র ১৩ রান করে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ২৩ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

এ অবস্থায় ক্রিজে আছেন অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে সফরকারী দল।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ লিটন কুমার দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রান সংগ্রহ করে অলআউট হয়। ১২৬ রানের ইনিংস খেলেন তিনি, যা ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় শতক।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান ২৬, নাজমুল হোসেন শান্ত ২৯, মুমিনুল হক ২২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন।