ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা রাতে, থাকবেন ৭০০ সাংবাদিক

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা রাতে, থাকবেন ৭০০ সাংবাদিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১২:০১

শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। মাত্র কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে এই দল ঘোষণা, বিশেষ করে নেইমারের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বাংলাদেশ সময় সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমোরোতে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কাভার করতে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। এর মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন।

আয়োজনটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা থাকবে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবেন।

৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে সাংবাদিক ও প্রযুক্তি কর্মীদের জন্য বিশেষ নিয়ম নির্ধারণ করা হয়েছে। প্রতিটি টেলিভিশন চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং ফটোগ্রাফারদের সংখ্যাও সীমিত রাখা হয়েছে।

বিশ্বকাপ দল ঘোষণার এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রিও ডি জেনেইরোতে। ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের নজর এখন একটাই প্রশ্নে—নেইমার কি থাকছেন আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায়?