ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা বাড়িয়ে ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের আগে নেওয়া একটি ফ্রি কিকের পর তাকে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
পরিস্থিতি বুঝে তিনি নিজেই বদলির ইঙ্গিত দেন এবং পরে তাকে তুলে নেওয়া হয়। বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।
ম্যাচ শেষে মেসিকে টানেলের দিকে হাঁটতে দেখা গেলেও গুরুতর কোনো অস্বস্তির লক্ষণ ছিল না বলে জানা গেছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি।
মায়ামির কোচ গিলের্মো হয়োস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ক্লান্তিজনিত সমস্যা হতে পারে। তিনি বলেন, “এখনও আমাদের হাতে মেডিকেল রিপোর্ট নেই। তবে মনে হয়েছে সে ক্লান্ত ছিল। এমন পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়াই ভালো।”
এদিকে ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ক্লাবের মেডিকেল টিম বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত পরীক্ষার পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।
মেসির এই ইনজুরি আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় উদ্বেগ তৈরি করেছে। দলটি আসন্ন টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
তবে মায়ামির হয়ে এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার অ্যাসিস্টে জার্মান বারতেরাম দুটি গোল করেন। লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করেন এবং রদ্রিগো ডি পল একটি গোল করেন। ম্যাচটি ৬-৪ ব্যবধানে জিতে নেয় ইন্টার মায়ামি।
আরো পড়ুন: