বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৬ জন

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৬ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১২:১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।

চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী শরিফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় ভোট ছাড়াই তাদের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে।

এছাড়া ঢাকা বিভাগে দুটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুই প্রার্থীরও নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন, এবং ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা বিভাগে দুটি পদের জন্য লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের সমীকরণে শফিকুল আলম ও শান্তনু ইসলামকে এগিয়ে রাখা হচ্ছে।

বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। সেখানে মিজানুর রহমানকে তুলনামূলকভাবে এগিয়ে মনে করা হচ্ছে।

ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে। মনোনয়ন প্রত্যাহার শেষে ১৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শানিয়ান তানিম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতুসহ আরও কয়েকজন।

ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শানিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানী, ড. মাহবুব শামীম এবং ফায়াজুর রহমানকে এগিয়ে রাখা হচ্ছে।

এবারের বিসিবি নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে ক্লাব ক্যাটাগরির ভোটকে কেন্দ্র করে। কারণ সেখানেই পরিচালক পদের জন্য সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।