আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। আগামী ১১ জুন মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর এসেছে। দেশটিতে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্বত্ব অর্জন করেছে জি এন্টারটেইনমেন্ট।
সোমবার (১ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব তারা পেয়েছে।
যদিও চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তির মূল্য ৩ কোটি থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
এই চুক্তির ফলে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তুলনামূলক কম খরচে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুরুতে ভারতের সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার দাবি করেছিল ফিফা। পরে সেই মূল্য কমিয়ে ৬ কোটি ডলারে নামিয়ে আনা হয়।
এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিএমজি প্রায় ৬ কোটি মার্কিন ডলারে ২০২৬ ফিফা বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয়।
তবে ভারত ও চীনে সম্প্রচার স্বত্বের বিষয়টি চূড়ান্ত হলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এখনো কোনো সুখবর আসেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে। কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
ফলে বাংলাদেশের দর্শকরা এখনো অপেক্ষায় রয়েছেন, দেশের কোন সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখানোর দায়িত্ব পাবে, সে ঘোষণার জন্য।
আরো পড়ুন: