সান মারিনো ম্যাচের আগে হামজাকে পেল বাংলাদেশ

সান মারিনো ম্যাচের আগে হামজাকে পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১২:৩৬

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির স্কোয়াড পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২ জুন) রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডফিল্ডার হামজা চৌধুরী।

এর আগে দলে যুক্ত হন সমিত সোম ও জায়ান আহমেদ। তাদের যোগদানে ইউরোপ সফরে শক্তিশালী অবস্থানে রয়েছে লাল-সবুজের দল।

আগামী ৫ জুন ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে ১ জুন সান মারিনো পৌঁছে দলটি প্রথম দিন রিকভারি সেশন সম্পন্ন করে। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন।

দলের ম্যানেজার আমের খান জানান, আবহাওয়ার ভিন্নতার কারণে খেলোয়াড়রা দুই ধরনের পরিবেশের অভিজ্ঞতা পাচ্ছেন—একদিন ঠান্ডা এবং পরদিন তুলনামূলক গরম আবহাওয়া।

বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়, যা প্রায় দেড় ঘণ্টা চলে। অনুশীলনের পর খেলোয়াড়রা ম্যাচ কৌশল ও পরিকল্পনা নিয়ে কাজ করেন।

দলের প্রধান কোচ থমাস ডুলি জানান, দীর্ঘ ভ্রমণের পরও ফুটবলাররা উজ্জীবিত। তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও সান মারিনোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।

হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সমর্থকরা। ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।