কাবাডি ফেডারেশনের বার্ষিক বাজেটে ৫ কোটি ৫০ লাখ টাকা অনুমোদন

কাবাডি ফেডারেশনের বার্ষিক বাজেটে ৫ কোটি ৫০ লাখ টাকা অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৪:৩২

আপডেট: ৪ জুন, ২০২৬ ১৪:৩৩

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য সাড়ে ৫ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বাজেট ও জাতীয় ক্রীড়াপঞ্জি উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর বাজেটটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ফেডারেশন জানায়, বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে (পুরুষ ও নারী) এবং নেপালের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় ২০২৫ সালের তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ কাবাডি দলের খেলোয়াড়দের ১০ লাখ টাকার বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া কাবাডি উন্নয়নে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ বিস্তারের লক্ষ্যে গোপালগঞ্জে একটি অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে।