৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে: প্রতিমন্ত্রী

৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে: প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২২:০৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, 'দেশের প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০০ জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।'

শুক্রবার চট্টগ্রামে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় ১৩ একর জায়গায় উপর আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি প্রদান, নতুন প্রজন্মকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।'

তিনি বলেন, 'বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখার অন্যতম কার্যকর মাধ্যম খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শিশুরা যেমন শারীরিক ভাবে সুস্থ থাকবে, তেমনি মানসিক বিকাশও ঘটবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।'

তিনি আরও বলেন, 'সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সি ছেলে ও মেয়েরা সমান ভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।'

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি এবং পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।