২০২৪ সালের ৯ নভেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত কমিটির প্রথম সভায় সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নানা জটিলতায় এতদিন অর্থ প্রদান করা সম্ভব হয়নি।
২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এতে মোট ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে ভাগ করা হবে।
জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন পুরস্কারের অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করায় বাফুফে কর্মকর্তাদের নিয়মিতই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও একাধিকবার অর্থ প্রদানের সময়সীমা জানিয়েছিলেন।
বাফুফের পরিকল্পনা ছিল চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অর্থ প্রদান করা। তবে ব্যাংকিং কার্যক্রমের কারণে তা সম্ভব হয়নি। পরে রোববার সপ্তাহের শুরুতেই খেলোয়াড়দের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়।
জানা গেছে, বাফুফে নির্বাহী কমিটির সদস্যদের অর্থায়নে এই পুরস্কারের ব্যবস্থা করার কথা থাকলেও অনেকেই পরে পিছিয়ে যান। ফলে অর্থ প্রদান প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়। অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের প্রতিশ্রুতি পূরণ করল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আরো পড়ুন: