বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়া দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। সফরকারী দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার ট্রাভিস হেড ও মিচেল মার্শ থাকছেন না ওয়ানডে সিরিজে।
আগামীকাল (বুধবার) থেকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আইপিএল শেষে ব্যক্তিগত কারণে সাদা বলের বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শ।
এর আগে পাকিস্তান সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়া লেগস্পিনার তানভীর সংঘও ছিটকে গেছেন। তার জায়গায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাদা বলের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি।
হেড ও মার্শের জায়গায় দলে যুক্ত হয়েছেন ম্যাট শর্ট ও অলি পিক। হেডের টি-টোয়েন্টি বদলি হিসেবে কাকে নেওয়া হবে, তা পরে জানাবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
মার্শ ও হেডের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। মার্শ সময়মতো সুস্থ না হলে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারেন তিনি।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে রয়েছেন— জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
আরো পড়ুন: