আইসল্যান্ড ম্যাচে খেলবেন মেসি, নিশ্চিত করলেন স্কালোনি

আইসল্যান্ড ম্যাচে খেলবেন মেসি, নিশ্চিত করলেন স্কালোনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১২:০৬

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) সকাল ৭টায় আলবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দলের সবচেয়ে বড় খবর, ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন। ক্যাম্পে যোগ দেওয়ার পর তাকে নিয়ে শঙ্কা থাকলেও কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, এই ম্যাচে মেসি খেলবেন। তবে তিনি কতক্ষণ খেলবেন, তা এখনো নির্ধারিত হয়নি।

স্কালোনি বলেন, মেসি খেলবেন, তবে পুরো ম্যাচ খেলবেন কি না তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। ঝুঁকি এড়িয়ে ধীরে ধীরে তাকে ম্যাচে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। আঙুলের চোটের কারণে তিনি অনুশীলনে গ্লাভস ছাড়াই কাজ করছেন। ফলে তার অনুপস্থিতিতে জেরোনিমো রুলি শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।

রক্ষণ ও মাঝমাঠেও একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিকোলাস তালিয়াফিকোকে বিশ্রাম দেওয়া হতে পারে, আর ইনজুরি থেকে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো আবারও দলে ফিরতে পারেন।

মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে। আক্রমণে লাউতারো মার্টিনেজের বদলে হোসে ম্যানুয়েল লোপেজ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্কালোনি জানিয়েছেন, দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে এবং প্রয়োজন হলে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হতে পারে।

আইসল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশে মেসির উপস্থিতি আর্জেন্টিনা শিবিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এই ম্যাচটি তাই বিশ্বকাপের আগে দল গঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষাও হয়ে উঠছে।