বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি সিরিজ বাতিল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি সিরিজ বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১১:২৪

২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে বড় ধরনের পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজ অপরিবর্তিত থাকবে।

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজই অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আইসিসি ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি জুন-জুলাই থেকে পরিবর্তন করে ফেব্রুয়ারিতে নির্ধারণ করে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট সূচির পুনর্বিন্যাস করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করে একই সময়ে অস্ট্রেলিয়া নিজেদের ঘরোয়া সূচিতে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। পরবর্তীতে মার্চে ওয়ানডে সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ড নারী দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দল, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও দর্শকদের জন্য কার্যকর সমাধান বের করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতার প্রশংসাও করেন।

সূচি পরিবর্তনের ফলে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফর কিছুটা সংক্ষিপ্ত হলেও নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাসময়ে অনুষ্ঠিত হবে।