উদ্বোধনী ম্যাচে ড্র, শিরোপা জয়ের পথে ব্রাজিলের পুরোনো ভয়

উদ্বোধনী ম্যাচে ড্র, শিরোপা জয়ের পথে ব্রাজিলের পুরোনো ভয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১০:৩৬

আপডেট: ১৪ জুন, ২০২৬ ১০:৩৬

হেক্সা মিশনের শুরুতেই ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি সেলেসাওরা। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে।

মরক্কোর বিপক্ষে এই ড্রয়ের পর সামনে এসেছে ব্রাজিলের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই শিরোপা জিততে পারেনি ব্রাজিল।

এর আগে বিশ্বকাপে তিনবার প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে সমতা এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।

তবে ওই তিন আসরের কোনো একটিতেও ট্রফি জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৭৪ সালে চতুর্থ, ১৯৭৮ সালে তৃতীয় এবং ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।

অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাসে দেখা যায়, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—প্রতিবারই প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল তারা। আর সেই আসরগুলোতেই শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল সেলেসাওরা।

যদিও পরিসংখ্যান সবসময় ফল নির্ধারণ করে না। কার্লো আনচেলত্তির অধীনে এবারের বিশ্বকাপে ব্রাজিল কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।