বিশ্বকাপে ফিরেই স্কটল্যান্ডের জয়, হাইতিকে হারিয়ে উড়ন্ত শুরু

বিশ্বকাপে ফিরেই স্কটল্যান্ডের জয়, হাইতিকে হারিয়ে উড়ন্ত শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১০:৪৮

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে জয় দিয়ে অভিযান শুরু করেছে স্কটল্যান্ড। হাইতিকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে স্মরণীয় প্রত্যাবর্তন করেছে ইউরোপের দলটি।

ম্যাচের একমাত্র গোলটি করেন স্কটল্যান্ডের অধিনায়ক জন ম্যাকগিন। প্রথমার্ধে তার করা গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পায় স্কটল্যান্ড। গোল হজমের পর হাইতি ম্যাচে ফেরার চেষ্টা করে। বিশেষ করে লুইসিয়াস ডিডসনের আক্রমণভাগের তৎপরতায় কয়েকবার চাপে পড়ে স্কটিশ রক্ষণ।

৩৪ মিনিটে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের ভুলে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল হাইতি। তবে জ্যাক হেন্ড্রির দুর্দান্ত রক্ষণে সেই সুযোগ নষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে জ্যাঁ-রিকনার বেলগার্দে ও উইলসন ইসিদরও সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হাইতি। একের পর এক আক্রমণে স্কটল্যান্ডকে ব্যস্ত রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

শেষ দিকে ম্যাচে উত্তেজনা বাড়ে। ৮৪ মিনিটে হাইতির একটি হেড অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর স্কটল্যান্ডও ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সফল হয়নি।

শেষ পর্যন্ত ম্যাকগিনের প্রথমার্ধের গোলেই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। ১৯৯০ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে এটি তাদের প্রথম জয়। এই জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে স্টিভ ক্লার্কের দল।