বিশ্বকাপের মঞ্চে দারুণ সূচনা করেছে সুইডেন। ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে ইউরোপীয় দলটি। ম্যাচের নায়ক ছিলেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি, যিনি জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। মাত্র ৭ মিনিটেই বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন ২২ বছর বয়সী আয়ারি। তবে গোলের পর কোনো উদযাপন না করে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, যা ম্যাচ শেষে আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে।
ম্যাচের ৩০তম মিনিটে আলেক্সান্দার ইসাক গোল করে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৪৩তম মিনিটে ওমার রেকিকের গোলে কিছুটা লড়াইয়ে ফেরে তিউনিশিয়া। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইডেন। ৫৯তম মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান বাড়ান। ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমে মাটিয়াস সভানবার্গ গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন ইয়াসিন আয়ারি।
বাবার জন্মভূমি তিউনিশিয়ার বিপক্ষে গোল করলেও আবেগে ভেসে যাননি আয়ারি। জানা যায়, তার বাবা তিউনিশিয়া এবং মা মরক্কোর হলেও তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য সুইডেনকেই বেছে নিয়েছেন। ২০২১ সালে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি সুইডেনের হয়েই খেলতে সিদ্ধান্ত নেন।
জোড়া গোল, অসাধারণ পারফরম্যান্স এবং ভিন্নধর্মী উদযাপনের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোচনায় উঠে এসেছেন ইয়াসিন আয়ারি।
আরো পড়ুন: