এলিজার জোড়া গোলে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এলিজার জোড়া গোলে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১০:৫৯

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। শক্তিশালী ইরানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি তারা। শেষ পর্যন্ত ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট। ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের সহযোগিতায় এলিজা জাস্টের দারুণ ফিনিশিংয়ে লিড নেয় দলটি।

পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় ইরান। ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে তারা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। তবে ১০ মিনিট পরই মোহাম্মদ মোহেবির হেডে সমতায় ফিরে ইরান।

শেষ পর্যন্ত দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

পরবর্তী ম্যাচে ২২ জুন ইরান খেলবে বেলজিয়ামের বিপক্ষে। একই দিনে মিশরের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।