বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে দারুণভাবে। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিটে মেসি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৭ মিনিটে প্রতিপক্ষের অর্ধে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন মেসি।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ৬০ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।
ম্যাচের ৭৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে দারুণ সমন্বয়ের পর নিখুঁত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে এটাই তার প্রথম হ্যাটট্রিক।
মেসির এই অনবদ্য পারফরম্যান্সে আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় তুলে নেয় আর্জেন্টিনা। ৩৮ বছর বয়সেও মেসির এমন দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল বর্তমান চ্যাম্পিয়নরা।
আরো পড়ুন: