২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত পর্তুগালকে আটকে দিয়েছে ডিআর কঙ্গো। ক্রিস্টিয়ানো রোনালদোদের দলকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফ্রিকার দলটি।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। মাত্র ৬ মিনিটে রুবেন নেভেসের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা। বাম প্রান্ত থেকে পেদ্রো নেতোর দারুণ ক্রসে হেড করে বল জালে পাঠান নেভেস।
গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পর্তুগাল। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ডিআর কঙ্গো। রক্ষণে দৃঢ়তা দেখানোর পাশাপাশি আক্রমণেও কয়েকবার সুযোগ তৈরি করে দলটি।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কর্নার থেকে সমতা ফেরায় ডিআর কঙ্গো। ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে থাকা ইয়োয়ান উইসা শক্তিশালী হেডে গোল করেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোল আসে।
দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ চালালেও ডিআর কঙ্গোর রক্ষণ ভেদ করতে পারেনি রোনালদো-ভিতিনাহরা। পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করে কঙ্গোও।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। শক্তিশালী পর্তুগালের বিপক্ষে এই ড্র ডিআর কঙ্গোর জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আরো পড়ুন: