ইরেনকির শেষ মুহূর্তের গোলে জয়, বিশ্বকাপে উড়ন্ত সূচনা ঘানার

ইরেনকির শেষ মুহূর্তের গোলে জয়, বিশ্বকাপে উড়ন্ত সূচনা ঘানার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১১:০৪

নাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ঘানা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্যালেব ইরেনকির গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।

কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ থেকে পানামা বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। একের পর এক সুযোগ তৈরি করলেও ঘানার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি মধ্য আমেরিকার দলটি।

অন্যদিকে অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে ঘানা ছিল বেশ কার্যকর। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠেছে ব্ল্যাক স্টাররা।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ব্র্যান্ডন থমাস-আসান্তের দারুণ এক দৌড় ও নিখুঁত পাস থেকে বল পেয়ে আলতো ট্যাপে জয়সূচক গোল করেন ক্যালেব ইরেনকি।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো মুখোমুখি হয়েই পানামাকে হারাল ঘানা। তিন পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সমান পয়েন্ট অর্জন করেছে তারা। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকার দলটি।