হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১০:৪৯

আপডেট: ২০ জুন, ২০২৬ ১০:৫০

বিশ্বকাপে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করা সেলসাওরা দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে।

কার্লো আনচেলত্তির শিষ্যদের হয়ে জোড়া গোল করেছেন ম্যাথিউস কুনহা। অপর গোলটি এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর থেকেই হাইতির ওপর চাপ বাড়াতে থাকে ব্রাজিল। ২৩ মিনিটে ভিনিসিয়ুসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে কুনহা বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

এরপর ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। ভিনিসিয়ুসের দুর্দান্ত থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। অন্যদিকে বদলি হিসেবে নামা এনদ্রিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে সেলসাওরা। সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে মরক্কো।