মাত্র ৭০ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের পথে মরক্কো

মাত্র ৭০ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের পথে মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১১:০১

বিশ্বকাপে স্কটিশ সমর্থকদের উৎসব থামিয়ে দিল মরক্কো। দুর্দান্ত শুরু ও শক্তিশালী রক্ষণভাগের পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফ্রিকার দলটি।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো ও স্কটল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। বক্সের ভেতর থেকে কঠিন কোণ থেকে নেওয়া তার নিখুঁত শট স্কটল্যান্ডের জালে জড়ালে শুরুতেই চাপে পড়ে যায় প্রতিপক্ষ।

দ্রুততম এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকা স্কটল্যান্ড গোলমুখে কোনো কার্যকর শট নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মরক্কো। সাইবারির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর স্কটল্যান্ড আক্রমণে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি।

ম্যাচের শেষ দিকে পেনাল্টির দাবি তোলে স্কটল্যান্ড। বক্সের ভেতর স্কট ম্যাকটমিনে পড়ে গেলে স্কটিশ খেলোয়াড়রা আবেদন করেন, তবে রেফারি তা নাকচ করে দেন। ভিএআরেও বিষয়টি পর্যালোচনা করা হয়নি।

শেষ পর্যন্ত সাইবারির একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি।