সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্ব রেকর্ড ডাচদের

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্ব রেকর্ড ডাচদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১০:৩৬

আপডেট: ২১ জুন, ২০২৬ ১০:৫৬

রোমাঞ্চকর ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস। শক্তিশালী পারফরম্যান্সে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা অপরাজেয় থাকার নতুন রেকর্ড গড়েছে ডাচরা।

এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এতদিন ছিল পেলের ব্রাজিলের দখলে। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ব্রাজিল টানা ১৩ ম্যাচ হারেনি।

চলমান বিশ্বকাপে নামার আগে ব্রাজিলের সেই রেকর্ড থেকে এক ম্যাচ পিছিয়ে ছিল নেদারল্যান্ডস। জাপানের সঙ্গে ড্র করে রেকর্ডে ব্রাজিলকে স্পর্শ করে রোনাল্ড কোম্যানের দল। এরপর সুইডেনের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়ল তারা।

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে বিশ্বকাপের মূল পর্বে নির্ধারিত সময়ে আর হারেনি নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে টাইব্রেকারে বিদায় নিলেও মাঠের খেলায় তাদের অপরাজেয় যাত্রা অব্যাহত ছিল।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেন কোডি গাকপো। এছাড়া ব্রায়ান ব্রবি ও ক্রিসেনসিও সামারভিল একটি করে গোল করেন। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা।

এই জয়ে ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে যাওয়ার পথও অনেকটা সহজ করেছে কোম্যানের দল।