টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি।
শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ ৩২-এ উঠল জার্মানি। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে তারা; দুই দলের গোলসংখ্যাই এখন ২৪১।
ম্যাচের শুরুটা অবশ্য জার্মানির জন্য ছিল হতাশার। ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। প্রথমার্ধে জার্মানির দুটি গোল বাতিল হওয়ায় আরও চাপে পড়ে দলটি।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দেনিজ উন্দাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স নমেচার পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উন্দাভ।
শেষ মুহূর্তের এই জয়ে টরন্টোর গ্যালারিতে থাকা হাজারো জার্মান সমর্থক উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ শেষে ডিফেন্ডার জোনাথন তা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, শেষ পর্যন্ত সবাই জয় পাওয়ার জন্য লড়াই করেছে।
আইভরি কোস্ট হেরে গেলেও তাদের নকআউটের আশা এখনো শেষ হয়নি। শেষ ম্যাচে কুরাসাওকে হারাতে পারলে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
আরো পড়ুন: