বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত এক কীর্তি গড়েছে ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। শক্তিশালী ল্যাটিন আমেরিকান দল ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ঐতিহাসিক এক পয়েন্ট পেয়েছে তারা। আর এই সাফল্যের মূল নায়ক গোলরক্ষক এলয় রম।
রোববার (২১ জুন) কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ একাই সামলে নিয়েছেন এলয় রম। পুরো ম্যাচে অসাধারণ ক্ষিপ্রতা, সঠিক অবস্থান ও দুর্দান্ত ডাইভে প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগগুলো নষ্ট করে দেন তিনি।
ইকুয়েডরের ফরোয়ার্ডরা বারবার কুরাসাওয়ের রক্ষণ ভেঙে গোলের চেষ্টা করলেও গোলবারের নিচে অপ্রতিরোধ্য ছিলেন রম। ম্যাচে তিনি মোট ১৫টি সেভ করেন, যা বিশ্বকাপ ইতিহাসে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে ১৯৬৬ সালের পর কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।
তবে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন।
এলয় রমের দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছে কুরাসাও।
আরো পড়ুন: