বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি তিউনিসিয়া। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান দলটির কাছে ৪-০ গোলের বড় পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার দলটির।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। দ্রুত গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়ার রক্ষণভাগ।
প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ৩১ মিনিটে আয়াসে উয়েদার গোলের পর ২-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ান দলটি। মাঝমাঠ ও রক্ষণভাগে একাধিক ভুলে ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে জাপান। ৬৯ মিনিটে জুনিয়া ইতো এবং ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের চতুর্থ গোলটি করেন উয়েদা।
পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল, গতি ও পাসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে জাপান। অন্যদিকে শুরুতেই দুই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তিউনিসিয়া।
এই জয়ে এফ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে নকআউটের পথে বড় অগ্রগতি করেছে জাপান। টানা দুই হারে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে তিউনিসিয়া। শেষ ম্যাচটি এখন তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।
আরো পড়ুন: