ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। দলের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। এছাড়া একটি করে গোল এসেছে লামিন ইয়ামাল ও আত্মঘাতী গোল থেকে।
রোববার (২১ জুন) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সপ্তম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েন স্পেনের তরুণ আক্রমণভাগের খেলোয়াড় লামিন ইয়ামাল।
ম্যাচের শুরুতেই ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। দারুণ এক গোল করে তিনি ম্যাচের অচলাবস্থা ভাঙার পাশাপাশি দলকে এগিয়ে নেন।
এরপর জোড়া গোল করে স্পেনের ব্যবধান আরও বাড়ান মিকেল ওইয়ারসাবাল। ২১তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগে বল পান দানি ওলমো। তাঁর হালকা ছোঁয়ায় বল যায় ছয় গজের বক্সের দিকে। সৌদি রক্ষণভাগ বলটি দূরে সরাতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের গতিপথ বদলে দেন। ফাঁকায় থাকা ওইয়ারসাবাল সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।
প্রথম গোলের মাত্র তিন মিনিট পর আবারও গোল করেন ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে আসা আড়াআড়ি উঁচু বলে বুক দিয়ে নিয়ন্ত্রণ নেন মার্ক কুকুরেয়া। পরে দানি ওলমোর বাড়ানো বলে নিখুঁত শটে জাল খুঁজে নেন রিয়াল সোসিয়েদাদের এই তারকা। তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের ভুলে আরও একটি গোল হজম করে সৌদি আরব। ম্যাচের ৪৯তম মিনিটে মার্ক কুকুরেয়ার নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বলটি ডিফেন্ডার হাসান আল-তামবাকতির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফলে আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
এরপরও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রো পোরোর বাড়ানো বলে ফেরান তোরেস গোল করলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সিদ্ধান্তে সেটি বাতিল হয়।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।
আরো পড়ুন: