বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল কেপ ভার্দে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে দলটি। এবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে আরও বড় চমক দেখাল তারা।
ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় কেপ ভার্দে। দ্রুতগতির আক্রমণে ফাউল আদায় করেন তেলমো আরকানজো। এরপর প্রায় ৩১ মিটার দূর থেকে নেওয়া ফ্রি-কিকে নিচু শটে বল জালে পাঠান কেভিন পিনা। বিশ্বকাপের মূল পর্বে এটি কেপ ভার্দের ইতিহাসে প্রথম গোল।
তবে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতির আগেই ম্যাচে ফিরে আসে উরুগুয়ে। রিবাউন্ড থেকে হেডে গোল করে সমতা ফেরান ম্যাক্সি আরাউহো। এরপর আরাউহোর আরেকটি হেড থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আগুস্তিন কানোব্বিও। ফলে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন হেলিও ভারেলা। নামার মাত্র দুই মিনিটের মধ্যেই উরুগুয়ের ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার দুর্বল ব্যাকপাস কেড়ে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল জড়ান তিনি। তাতে সমতায় ফেরে কেপ ভার্দে।
বাকি সময়েও দুই দলই আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।
এই ফলাফলে উরুগুয়ে ও কেপ ভার্দে—দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ২। অন্যদিকে গ্রুপের শীর্ষে থাকা স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট। ফলে শেষ রাউন্ডের আগে গ্রুপ এইচের লড়াই আরও জমে উঠেছে।
আরো পড়ুন: