নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর, ৩-১ গোলে প্রথম জয়

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর, ৩-১ গোলে প্রথম জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১১:১৮

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিল মিশর। সোমবার (২২ জুন) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বিসি প্লেস ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারায় আফ্রিকার এই দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফিন স্যারম্যান। প্রথমার্ধে সেই লিড নিয়েই বিরতিতে যায় অল হোয়াইটসরা।

তবে বিরতির আগে মিশরও একাধিক সুযোগ তৈরি করেছিল। মোহাম্মদ সালাহ ও ইমাম আশুর গোলের খুব কাছাকাছি গেলেও নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব তাদের থামিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে মাঠে নামে মিশর। এর ফল মেলে ৫৮ মিনিটে। মোহাম্মদ হানির ক্রস থেকে গোল করে সমতা ফেরান মোস্তফা জিকো।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। সালাহ ও জিকোর ওয়ান-টু পাসে বক্সে ঢুকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

৮২ মিনিটে কর্নার থেকে আবারও অ্যাসিস্ট করেন সালাহ। তার ক্রসে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন বদলি খেলোয়াড় ট্রেজেগুয়ে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিশর।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় পেল ফারাওরা। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে বিশ্বকাপে অংশ নিলেও আগে কোনো জয় পায়নি তারা।

এই ফলাফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-তে ভালো অবস্থানে আছে মিশর। আগামী ২৬ জুন সিয়াটলে তারা মুখোমুখি হবে ইরানের। একই সময়ে নিউজিল্যান্ড খেলবে বেলজিয়ামের বিপক্ষে।