ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের দুই গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। অষ্টম মিনিটে লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার শট লক্ষ্যের বাইরে চলে গেলে হতাশ হতে হয় আর্জেন্টাইন সমর্থকদের।
পেনাল্টি মিস করলেও আক্রমণ অব্যাহত রাখেন মেসি। ৩৩তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ তৈরি হলেও অস্ট্রিয়ার রক্ষণভাগ তা প্রতিহত করে। তবে ৩৭তম মিনিটে আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত দলগত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একাধিক পরিবর্তনের মাধ্যমে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন কোচ স্কালোনি।
অতিরিক্ত সময়ের শুরুতে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা পেরিয়ে নেওয়া শট জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেসির দল। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ২৮ জুন।
আরো পড়ুন: