রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পর্তুগাল

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পর্তুগাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১০:১১

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া একটি করে গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লিও। অপর গোলটি আসে আত্মঘাতী থেকে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ষষ্ঠ মিনিটেই দলের হয়ে গোলের খাতা খোলেন রোনালদো। সতীর্থের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে উজবেকিস্তানের রক্ষণভাগ ভেদ করেন তিনি।

এরপর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, তখন চমক দেখিয়ে বল ছেড়ে দেন সতীর্থ মেন্দেসের জন্য। বাঁ পায়ের নিচু শটে মানবপ্রাচীর এড়িয়ে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধে উজবেকিস্তানের আজিজ গানিয়েভ দূরপাল্লার শটে বল জালে জড়ালেও গোলটি বাতিল হয়। বিল্ডআপে জোয়াও ক্যানসেলোর ওপর ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোল না দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে পর্তুগাল। ৫৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে জোয়াও ফেলিক্সের হেড প্রতিপক্ষ ডিফেন্ডার খুসানভের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

এরপরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল উজবেকিস্তান। তবে পর্তুগালের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় আরও বড় করেন রোনালদো। আর ৮৭তম মিনিটে নেলসন সেমেডোর কাট-ব্যাক থেকে দারুণ এক শটে পঞ্চম গোলটি করেন রাফায়েল লিও।

দাপুটে এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুন, বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে।