২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। একই ম্যাচে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার, যা সেলেসাও সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। ৬৪ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে পাওয়া এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রেখে শেষ ৩২-এ জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মরক্কো।
ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই জালে বল পাঠান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেইসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে ব্রাজিল। ৬৩তম মিনিটে গিমারেইসের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মাতেউস কুনিয়া। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল নেইমারের প্রত্যাবর্তন। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলার পর ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন তিনি। বদলি হিসেবে মাঠে নামার সময় করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকেরা।
অন্যদিকে, পুরো ম্যাচে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেনি স্কটল্যান্ড। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিনশিট উপহার দেন।
এই জয়ের মাধ্যমে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্রাজিল। আর জোড়া গোল করা ভিনিসিউস টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন।
আরো পড়ুন: