ঐতিহাসিক গোলেও রক্ষা হয়নি, হাইতিকে হারিয়ে শেষ ৩২-এ মরক্কো

ঐতিহাসিক গোলেও রক্ষা হয়নি, হাইতিকে হারিয়ে শেষ ৩২-এ মরক্কো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১০:২২

বিশ্বকাপে ৫২ বছর পর গোলের দেখা পেল হাইতি। তবে ইতিহাস গড়ার রাতে জয় তুলে নিতে পারেনি ক্যারিবীয় দেশটি। নাটকীয় এক ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় পেয়েছে মরক্কো। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ ‘সি’র শীর্ষস্থান দখল করা হয়নি তাদের। গ্রুপসেরা হয়েছে ব্রাজিল।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় হাইতি। জ্যাঁ-কেভিন ডুভেরনের ক্রস থেকে লেনি জোসেফের নেওয়া শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর গায়ে লেগে জালে জড়ায়। ১৯৭৪ সালের বিশ্বকাপের পর এটিই ছিল বিশ্বমঞ্চে হাইতির প্রথম গোল।

৩৯তম মিনিটে মরক্কোকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফ হাকিমি। তবে চার মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও হাইতিকে এগিয়ে দেন উইলসন ইসিডোর।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবার সমতা ফেরায় মরক্কো। হাকিমির পাস থেকে টুর্নামেন্টে টানা তৃতীয় গোল করেন ইসমাইল সাইবারি। ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। ৭০তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন সুফিয়ান রাহিমি। এরপর ম্যাচের শেষ দিকে রাহিমির পাস থেকে সহজ গোল করে ব্যবধান ৪-২ করেন গেসিম ইয়াসিন।

এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। তবে গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস কিংবা জাপান।

অন্যদিকে, পয়েন্টের খাতা শূন্য থাকলেও ৫২ বছর পর বিশ্বকাপে গোল করে স্মরণীয় এক অধ্যায়ের জন্ম দিয়েছে হাইতি। নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে দলটির লড়াকু পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।