চেক রিপাবলিককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেক রিপাবলিককে।
মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে খুব বেশি আক্রমণাত্মক ছিল না স্বাগতিকরা। বল দখলে আধিপত্য থাকলেও গোলের সুযোগ সীমিত ছিল। ৩৬ মিনিটে প্রথম শট নেয় মেক্সিকো, তবে ইসরায়েল রেয়েসের ওভারহেড কিক গোলবারের পাশ দিয়ে চলে যায়।
ডেভিড দোদেরা ও জুলিয়ান কুইনোনেসের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। হোর্হে সানচেজের একটি শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক মাতেজ কোভার।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মেক্সিকো। এক ঘণ্টার আগেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে স্বাগতিকরা। পরে স্টপেজ টাইমে আরও একটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে তারা।
মেক্সিকোর হয়ে গোল করেন মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস এবং আলভারো ফিদালগো। এই জয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে তিন জয় নিশ্চিত করেছে দলটি।
অন্যদিকে, চেক রিপাবলিকের ডেনিস ভিসিনস্কির একটি শট গোলবারের পাশ দিয়ে যায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে মেক্সিকো। আগামী ১ জুলাই তারা তৃতীয় সেরা একটি দলের বিপক্ষে নকআউট পর্বে মাঠে নামবে।
আরো পড়ুন: