অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে স্পেন। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণ গড়লেও প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পায়নি তারা।
অবশেষে ৪২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যালেক্স বায়েনা। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের নিচু ক্রস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন তিনি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠেকালেও তা হাত ফসকে জালে ঢুকে পড়ে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। বিরতির পর গোলরক্ষক মুসলেরার পরিবর্তে সের্হিও রোচেতকে নামানো হলেও কাঙ্ক্ষিত ফল পায়নি দক্ষিণ আমেরিকার দলটি। স্পেনও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়, তবে দুই দলই আর গোল করতে পারেনি।
৭৬তম মিনিটে লামিন ইয়ামাল ও মিকেল অইয়ারসাবালের পরিবর্তে ফেরান তোরেস ও নিকো উইলিয়ামসকে মাঠে নামান স্প্যানিশ কোচ।
যোগ করা সময়ে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। রেফারির সঙ্গে তার উত্তপ্ত আচরণ অতিরিক্ত শাস্তির কারণও হতে পারে।
শেষ পর্যন্ত ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই ফলের ফলে গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্বে ওঠে তারা। রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল।
আরো পড়ুন: