লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলে নিউজিল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে বেলজিয়াম। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দলটি। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডকে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বেলজিয়াম। তবে প্রথমদিকে গোলের সুযোগ কাজে লাগাতে কিছুটা ধীর ছিল তারা।
ম্যাচের ২৮তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগে গোল করে দলকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার। তার গোলে প্রথমার্ধ শেষ করে লিড ধরে রাখে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইউরোপের দলটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। ডি ব্রুইনার পাস থেকে প্রথম শট বাঁচালেও ফিরতি বলে আর ভুল করেননি তিনি।
পরবর্তীতে কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুর গোলে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।
ইনজুরি টাইমে সিলেমেকার্স গোল করলে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম।
আরো পড়ুন: