ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। এই ফলের মাধ্যমে গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব ৩২-এ উঠেছে আফ্রিকান দলটি। তবে তৃতীয় স্থানে থেকে নকআউটে যাওয়ার সুযোগ এখনও টিকে আছে ইরানের সামনে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর।
ম্যাচের ৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সাবের, যা বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল হিসেবে বিবেচিত হচ্ছে।
এর কিছুক্ষণ পরই ইরান পেনাল্টি পায়, তবে মেহেদী তারেমি সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। পরে ১৪তম মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান।
বিরতির আগ পর্যন্ত দুই দলই একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে দুই দলই, তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই জয়সূচক গোল করতে পারেনি। ইনজুরি সময়ের শেষ দিকে ইরান একটি গোল করলেও ভিএআর রিভিউয়ে তা বাতিল হয়।
শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় মিশর। অন্যদিকে ইরানের নকআউট ভাগ্য এখন নির্ভর করছে তৃতীয় স্থানের দলগুলোর র্যাঙ্কিংয়ের ওপর।
আরো পড়ুন: