পানামাকে ২-০ গোলে হারিয়ে নকআউটে ইংল্যান্ড

পানামাকে ২-০ গোলে হারিয়ে নকআউটে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১০:১৩

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম ও হ্যারি কেনের গোলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ৪৫ মিনিটে পানামার রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় টমাস টুখেলের শিষ্যরা। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ঘানার বিপক্ষে এগিয়ে থাকায় সাময়িকভাবে শীর্ষস্থানে ছিল ক্রোয়েশিয়া।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে ইংল্যান্ডের হয়ে গোল করেন জুড বেলিংহাম ও অধিনায়ক হ্যারি কেন। তাদের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ের ফলে রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। শেষ ষোলোতে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা ইকুয়েডর।

অন্যদিকে, গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া নকআউট পর্বে মুখোমুখি হবে কলম্বিয়া অথবা পর্তুগালের।