জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১০:৩৮

শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জাপান। ২৯তম মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে দারুণ একক নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সামুরাই ব্লুরা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ৫২তম মিনিটে ব্রুনো গিমারায়েসের হেড এবং এরপর কাসেমিরোর আরেকটি হেড দুর্দান্তভাবে সামাল দেন জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি।

তবে ৫৬তম মিনিটে আর রক্ষা হয়নি। গ্যাব্রিয়েলের ক্রস থেকে শক্তিশালী হেডে জালে বল জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতা হিসেবেও নাম লেখান তিনি।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রসহ একাধিক আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হলেও বারবার বাধা হয়ে দাঁড়ান সুজুকি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনই আসে নাটকীয় মুহূর্ত। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে নিচু শটে জয়সূচক গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে শেষ মুহূর্তের হতাশাজনক হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে জাপানকে।