শেষ মুহূর্তে সমতা ফেরানোর পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচে শুটআউটে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক ইয়াসিন বুনু।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দুই দলই সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় অমীমাংসিত ছিল ম্যাচ। অবশেষে ৭২তম মিনিটে গোলের খাতা খোলে নেদারল্যান্ডস। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে ওয়াউট ওয়েগহর্স্ট হেডে বল নামিয়ে দেন। ক্রাইসেনসিও সামারভিল বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পড়ে গেলেও বল চলে যায় কোডি গাকপোর কাছে। সুযোগটি কাজে লাগিয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন গাকপো।
গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় মরক্কো। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম প্রান্ত থেকে তালবির দারুণ ক্রসে শক্তিশালী হেডে জালে বল জড়ান ইসা দিওপ। শেষ মুহূর্তের ওই গোলে ১-১ সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ফল নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।
শুটআউটে দুই দলই একাধিক স্পটকিক নষ্ট করে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের শেষ শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইয়াসিন বুনু। তার অসাধারণ সেভে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে মরক্কো।
এই জয়ের ফলে আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব ১৬-এ স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরো পড়ুন: