আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের জয়সূচক গোলে আইভরিকোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে নরওয়ে। এই জয়ের ফলে নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইও নিশ্চিত হয়েছে।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। এর ফলও আসে প্রথমার্ধে। ৩৯তম মিনিটে তরুণ উইঙ্গার আন্তোনিও নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের দলটি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪তম মিনিটে বদলি হিসেবে নেমে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আমাদ দিয়ালো অসাধারণ একক নৈপুণ্যে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।
তবে আফ্রিকার প্রতিনিধিদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৮৬তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণে প্যাট্রিক বার্গের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান আর্লিং হালান্ড। তার এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে।
চলতি বিশ্বকাপে হালান্ডের এটি পঞ্চম গোল। তার দুর্দান্ত ফর্মে ভর করেই শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে নরওয়ে।
এবার নরওয়ের সামনে আরও কঠিন পরীক্ষা। আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ১৬-এর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে হালান্ডরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলের মধ্যকার এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হতে যাচ্ছে।
আরো পড়ুন: