শেষ মুহূর্তের পেনাল্টিতে সেনেগাল বধ, নকআউটে বেলজিয়াম

শেষ মুহূর্তের পেনাল্টিতে সেনেগাল বধ, নকআউটে বেলজিয়াম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১০:২৭

২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। ম্যাচের শেষ দিকে তিন গোল করে রোমাঞ্চকর জয় তুলে নেয় রোমেলু লুকাকুদের দল।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় লড়াইগুলোর একটি। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই ম্যাচে নিশ্চিত হার থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে আনে বেলজিয়াম।

শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল সেনেগাল। ১৩তম মিনিটে ইসমাইলা সারের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

তবে ২৫তম মিনিটে আর রক্ষা হয়নি। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে ইসমাইলা সারের হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে হাবিব দিয়ালো বল জালে পাঠিয়ে সেনেগালকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। ৪৯তম মিনিটে নিয়াখাতের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে সেনেগালের লিড ২-০ করেন তিনি।

ম্যাচ তখন প্রায় সেনেগালের নিয়ন্ত্রণেই। কিন্তু শেষ দিকে বদলে যায় পুরো চিত্র।

৮৬তম মিনিটে রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমান। তিন মিনিট পর, ৮৯তম মিনিটে ইউরি টিলেমান্সের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইউরোপের দলটি।

অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে লড়াই চালায়। ম্যাচ গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। তবে ১২৫তম মিনিটে বক্সের ভেতরে ইউরি টিলেমান্স ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বেলজিয়াম। সেই স্পট-কিক থেকে নিজেই গোল করে দলের অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন টিলেমান্স।

৩-২ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্র–বসনিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে তারা।