ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দারুণ লড়াই করে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আমেরিকানরা, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
বৃহস্পতিবার (২ জুলাই) রাউন্ড অব ৩২-এর নকআউট ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে ৬৩ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে বসনিয়ার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা।
এই চাপের ফল আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে আসে। সুযোগটি কাজে লাগিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে বসনিয়া মাত্র একটি শট নিতে সক্ষম হয়।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার মতো ঘটনা ঘটে। উঁচু বলের দখল নেওয়ার লড়াইয়ে বসনিয়ার ডিফেন্ডার মুহারোমোভিচকে বিপজ্জনকভাবে ফাউল করেন বালোগান। ভিএআর পর্যালোচনার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ফলে প্রায় ২৫ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।
একজন কম নিয়ে খেললেও রক্ষণে দৃঢ়তা ধরে রাখে যুক্তরাষ্ট্র। উল্টো ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। তার নিখুঁত শটে বসনিয়ার গোলরক্ষকের কিছুই করার ছিল না।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম, যারা নাটকীয় প্রত্যাবর্তনে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
আরো পড়ুন: