রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় মিশর। ফ্রি-কিক থেকে পরিকল্পিত আক্রমণে মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয় সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। বক্সের পেছনের পোস্টে দারুণ এক হেডে জাল খুঁজে নেন আশুর। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। এরপর উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।
অতিরিক্ত সময়েও দুই দল একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের আগে গোলরক্ষক পরিবর্তন করে অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের বদলে মাঠে নামানো হয় অভিজ্ঞ ম্যাথু রায়ানকে। তবে সেই সিদ্ধান্ত কাজে আসেনি। মিশরের চার শুটারই সফলভাবে বল জালে পাঠান, অন্যদিকে অস্ট্রেলিয়ার দুটি শট ব্যর্থ হয়।
ফলে পঞ্চম শটের প্রয়োজনই হয়নি। চতুর্থ শটেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোয় জায়গা করে নেয় মিশর।
বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল মিশরের দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে তারা একমাত্র নকআউট ম্যাচ খেলেছিল, যখন পুরো টুর্নামেন্টই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।
আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে মিশর।
আরো পড়ুন: