রুদ্ধশ্বাস লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইবার এগিয়ে গিয়েও দুইবারই সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের ২৯তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে টুর্নামেন্টে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল করেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯তম মিনিটে অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। এরপর উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে (অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দ্বিতীয় মিনিট) লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ১০৩তম মিনিটে বাঁ দিক থেকে সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত কার্লিং শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত ১১১তম মিনিটে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের শেষ দিকে কেপ ভার্দের আরেকটি সম্ভাবনাময় ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাতে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
হেরে গেলেও প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখেছিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। তাদের চারটি ম্যাচের একটিতেও প্রতিপক্ষ ৯০ মিনিটের মধ্যে জয় তুলে নিতে পারেনি।
এই জয়ে আগামী মঙ্গলবার আটলান্টায় রাউন্ড অব সিক্সটিনে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে বিদায় নিলেও লড়াকু পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দিয়ে টুর্নামেন্ট শেষ করল কেপ ভার্দে।
আরো পড়ুন: