জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। এই জয়ে রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হওয়া জন কর্দোবার পরিবর্তে নামা লুইস সুয়ারেজের দারুণ ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান জন আরিয়াস।
বিরতির পর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লুইস দিয়াজ। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।
পুরো ম্যাচেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে কলম্বিয়া। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির একাধিক চমৎকার সেভে ব্যবধান আর বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।
অন্যদিকে ঘানাও সমতায় ফেরার চেষ্টা চালালেও কলম্বিয়ার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। ফলে আরিয়াসের করা একমাত্র গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
এই জয়ে আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।
আরো পড়ুন: