ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ভাইকিংদের জয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরোতে ব্যর্থ হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে শেষ হলো তাদের বহুল আলোচিত ‘মিশন হেক্সা’র আরেকটি অভিযান।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ১৪তম মিনিটে পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে পারেননি ব্রুনো গিমারাইস।
৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। অন্যদিকে প্রথমার্ধের শেষদিকে নরওয়ের একটি বিপজ্জনক আক্রমণ রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের গতি বাড়ালেও গোলের দেখা মিলছিল না। ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। হাইড্রেশন ব্রেকের আগে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নেইমার ও দানিলোকে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
নরওয়েও আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার পরিবর্তে অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপকে মাঠে নামায়।
এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে নরওয়েকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের বিদায় কার্যত নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।
আরো পড়ুন: