ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। নাটকীয়তা, উত্তেজনা আর শেষ মুহূর্তের চাপ সামলে ১১তম বারের মতো বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাতের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক মেক্সিকো। তবে প্রতিআক্রমণে কার্যকর ছিল ইংল্যান্ড। ম্যাচের এক পর্যায়ে মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।
দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মেক্সিকো। প্রথমার্ধের শেষ দিকে হুলিয়ান কিনিওনেস গোল করে ব্যবধান ২-১ করেন এবং স্বাগতিকদের ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার এজরি কনসা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবু পাল্টা আক্রমণে অ্যান্থনি গর্ডনের আদায় করা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন হ্যারি কেইন।
তবে নাটক তখনও বাকি। কিছুক্ষণ পর ইংল্যান্ডের বক্সে ফাউল করে বসেন কেইন। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেজ।
শেষ সময়জুড়ে একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখে মেক্সিকো। ৬৭ শতাংশ বলের দখল, ২০টি শট, ১২টি কর্নার এবং ৪৯টি ক্রস নিয়েও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ বলের দখল রেখে ৬টি শট, ২টি কর্নার ও ৪টি ক্রস থেকেই সর্বোচ্চ কার্যকারিতা দেখায় ইংল্যান্ড।
শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় থ্রি লায়ন্সরা। রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা এই লড়াই ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসেবে আলোচনায় উঠে এসেছে।
আরো পড়ুন: