স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১০:৩৪

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে দাপুটে ফুটবল উপহার দিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ফুলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলে ফেরা স্বাগতিকদের জন্য প্রত্যাশা বাড়ালেও শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে নিকোলাস রাস্কিনের দারুণ পাস থেকে চার্লস ডি কেটেলার সহজ ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া শট বেলজিয়ামের রক্ষণভাগে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ায়।

তবে স্বাগতিকদের সেই আনন্দ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর, ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। কিন্তু ৫৭ মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিস বক্সের বাইরে এসে বলের নিয়ন্ত্রণ হারালে সেই সুযোগ কাজে লাগান বেলজিয়ানরা। ডি কেটেলারের পাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন হান্স ভানাকেন।

শেষদিকে আক্রমণের গতি আরও বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডসের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করেন। তাতেই ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।

এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রেড ডেভিলরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।